নড়াইলে আধিপত্য বিস্তারের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবা ও ছেলেসহ চারজন নিহত হয়েছেন।
সোমবার ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি মোহাম্মদ ওলি মিয়া।
দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড়কুলা গ্রামের খলিল শেখ (৬৫), তার ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) এবং একই গ্রামের ওসিকুর ফকির।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিঙ্গাশোলপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষ সক্রিয় রয়েছে। এক পক্ষের নেতৃত্বে আছেন সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা এবং অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাশোলপুর ইউনিয়নের আরেক সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ।

