Logo
Logo
×

সংবাদ

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে একাধিক জ্যেষ্ঠ পদে রদবদল, পদায়ন ও পদোন্নতি দেওয়া হয়েছে। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে জারি করা এক আদেশে এসব পরিবর্তন আনা হয়।

আদেশ অনুযায়ী, সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে প্রেষণে পাঠানো হয়েছে। 

নির্দেশে বলা হয়েছে, এ পদায়ন অবিলম্বে কার্যকর হবে এবং গেজেট বিজ্ঞপ্তি পরে জারি করা হবে।

আর্টডকে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), জিএস ব্রাঞ্চ (কো-অর্ড) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া, ৫৫ পদাতিক ডিভিশনের সদর দপ্তর থেকে মেজর জেনারেল জে এম এমাদুল ইসলামকে কমান্ড্যান্ট, ইবিআরসি পদে পদায়ন করা হয়েছে। ইবিআরসি থেকে মেজর জেনারেল ফেরদৌস হাসান সালিমকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতে দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে। দেশে প্রত্যাবর্তন ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি দায়িত্ব গ্রহণ করবেন এবং দায়িত্ব গ্রহণের তারিখ থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পাবেন।

সেনাসদরের আদেশে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানানো হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন