শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিলেন ঢাবি উপাচার্য
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগের আবেদন জমা দেন।
আবেদনে তিনি উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান। একই সঙ্গে এসব ক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয় শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

