বেতন-ভাতা নেবেন না কৃষিমন্ত্রী, ব্যবহার করবেন না সরকারি গাড়ি
মন্ত্রী হিসেবে সরকারি বেতন-ভাতা নেবেন না এবং সরকারি গাড়িও ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়েছেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। এমনকি তিনি গাড়ির জ্বালানি খরচও সরকারি তহবিল থেকে নেবেন না। আজ শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি সরকারি বেতন-ভাতা নেব না। সরকারি গাড়িও ব্যবহার করি না। তেলের খরচও নেই না। ভবিষ্যতেও এ অবস্থান বজায় রাখব।
কৃষিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের অনেক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা রয়েছে এই সরকারের কাছে। আগামীর বাংলাদেশ হবে বাকস্বাধীনতার বাংলাদেশ, উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ—এ লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।
কুমিল্লার কৃষি উন্নয়নের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আখতার হামিদ খান সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে আধুনিক কৃষির সূচনা করেছিলেন। তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ দেশ-বিদেশে এখনো সমাদৃত।
তিনি বলেন, আমি নিজেও একজন কৃষক। মাঠের বাস্তবতা জানি। কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।

