একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি দেখতে এসে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে না।
ডিএমপি কমিশনার বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবক। ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে শহীদ মিনারসহ আশপাশ এলাকায়।
ডিএমপি কমিশনার বলেন, ‘শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং, শহীদ মিনার রোড ব্যবহারের অনুরোধ, অন্যকোনো রোড দিয়ে আসা যাবে না। শ্রদ্ধা নিবেদনের পর দোয়েল চত্বর কিংবা চাঁনখানপুল দিয়ে বের হতে হবে।’
শহীদ মিনারে কোনো ধরনের ধারালো বস্তু কিংবা দাহ্য পদার্থ বহন না করারও অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।

