ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধায় দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা
ছিনতাইকারী সন্দেহে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে টাকা ও স্বর্ণের গয়না ছিনিয়ে পালানোর সময় তারা ধরা পড়ে।
শুক্রবার ভোরে খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম।
নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ এলাকায় ৫-৬ জন ছিনতাইকারী দুই পথচারীর পথরোধ করে। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা ও স্বর্ণের গয়না ছিনিয়ে নেয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ধাওয়া দেয়। ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে খোর্দ্দমোজাহিদপুর এলাকায় সড়কে ছিটকে পড়ে।
এরপর এলাকাবাসী তাদের ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। অন্যরা কৌশলে পালিয়ে যায়।
ওসি আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুইজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

