মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ অব্যাহত থাকবে: চিফ প্রসিকিউটর
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ চলমান থাকবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, বর্তমান প্রসিকিউশন টিম থাকুক বা না থাকুক, বিচারকাজ চলমান থাকবে।
সাংবাদিকরা জানতে চান-নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ট্রাইব্যুনালে বিচারকাজ চলমান থাকার বিষয়ে কোনো বার্তা এখন পর্যন্ত পৌঁছেছে কি না অথবা কোনো দপ্তর থেকে পৌঁছেছে কি না।
জবাবে চিফ প্রসিকিউটর তাজুল বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বার্তা না এলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে। এবং বিশেষ করে আপনারা গতকাল (বুধবার) হয়তো দেখেছেন আইনমন্ত্রী বলেছেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি, দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা, বিচার বিচারের মতো চলমান থাকবে।
তাজুল ইসলাম আরও বলেন, সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা নয়; বিচার তো চলমান থাকবে অবশ্যই। সরকার সে ব্যাপারে পজিটিভ সিগন্যাল দিয়েছেন বলেই আমরা মনে করছি।

