ভারতের স্পাইস জেটের বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি
ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেটের ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে সংস্থার সূত্রে জানা গেছে।
বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও স্পাইসজেট তাদের বকেয়া পরিশোধ করেনি। এ কারণেই বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। যদিও ঠিক কত টাকা বকেয়া রয়েছে, সে বিষয়ে বিমান সংস্থাটি নির্দিষ্ট করে কিছু জানায়নি।
স্পাইসজেট জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। দ্রুত সমস্যা সমাধান করে আকাশসীমা ব্যবহারের অনুমতি পুনর্বহালের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে।
সংবাদমাধ্যম নিউজ ১৮-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় স্পাইসজেটের এক কর্মকর্তা বলেন, বিমান পরিষেবার ক্ষেত্রে এ ধরনের আর্থিক বিষয় অস্বাভাবিক নয় এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তিনি দাবি করেন, এ কারণে তাদের সামগ্রিক বিমান পরিষেবায় বড় ধরনের ব্যাঘাত ঘটেনি।
বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বর্তমানে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলো বিকল্প রুট ব্যবহার করছে। ফলে এসব ফ্লাইট বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে। বিকল্প রুট ব্যবহারের কারণে উড়োজাহাজের যাত্রাসময়ে কিছুটা বৃদ্ধি পাচ্ছে বলেও জানা গেছে।

