Logo
Logo
×

সংবাদ

প্রতিশ্রুতি অনুযায়ী সিগন্যাল মেনেই অফিস করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

প্রতিশ্রুতি অনুযায়ী সিগন্যাল মেনেই অফিস করছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  ভিভিআইপি চলাচল মানেই যেখানে সড়ক ফাঁকা, কড়া নিরাপত্তা ও দীর্ঘ গাড়িবহরের চিত্র—সেখানে এবার দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে নিজস্ব গাড়িতে রওনা হয়ে প্রধানমন্ত্রী যান বাংলাদেশ সচিবালয়ে।  সকাল ৮টা ৩৪ মিনিটে যাত্রা শুরু করে চারটি ট্রাফিক সিগন্যালে লালবাতি জ্বলে উঠলে তার গাড়ি নিয়ম মেনে থামে।  সকাল ৯টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান তিনি।  পুরো পথে সময় লাগে ৪১ মিনিট।

চলাচলের সময় রাস্তাঘাট বন্ধ করা হয়নি, সাধারণ মানুষের যানবাহন স্বাভাবিকভাবেই চলেছে।  প্রধানমন্ত্রীর গাড়িবহরও ছিল সংক্ষিপ্ত, চোখে পড়েনি অতিরিক্ত প্রটোকল বা নিরাপত্তা প্রদর্শন।  কোথাও কোথাও সিগন্যালে অপেক্ষার সময় পথচারীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।  তিনি গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন, কেউ কেউ কাছ থেকে সেলফিও তোলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সরকারপ্রধান সাধারণ নিয়মেই সড়কপথ ব্যবহার করেছেন।  এর আগেই তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী সরকারি বরাদ্দের গাড়ি ব্যবহার না করে নিজের ব্যক্তিগত গাড়ি, নিজের চালক ও নিজস্ব জ্বালানি ব্যবহার করবেন।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরদিনই বাস্তবে তার সেই অবস্থান দৃশ্যমান হওয়ায় বিষয়টি রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, এটি ক্ষমতার প্রদর্শনের পরিবর্তে জনসম্পৃক্ত নেতৃত্বের বার্তা বহন করছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন