আবারও পিছিয়েছে এবারের অমর একুশে বইমেলার শুরুর তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বইমেলা, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। পাশাপাশি অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক ও একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়া মন্ত্রণালয়ের সচিব ও প্রকাশক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলার সর্বশেষ পরিস্থিতি সভায় উপস্থাপন করেন। পরে প্রকাশকদের বিভিন্ন দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের মেলায় অংশগ্রহণকারী সব প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। যেসব প্রকাশক এখনো স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। একই দিন সন্ধ্যা ৬টায় স্টল বরাদ্দ দেওয়া হবে।
এর আগে দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে প্রকাশকদের একটি অংশ মেলা পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের দাবি জানিয়ে রমজান মাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এ পরিস্থিতিতে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে বইমেলার নতুন তারিখ ঘোষণা করা হলো।

