Logo
Logo
×

সংবাদ

ন্যাশনাল ব্যাংকের ৫৭৫ কোটি টাকা আত্মসাৎ

বসুন্ধরার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

বসুন্ধরার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করবে দুদক

ন্যাশনাল ব্যাংক থেকে ৫৭৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ২৬ জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আজ বুধবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পাশাপাশি তার ছেলে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফিয়াত সোবহান এবং পরিচালক ময়নাল হোসাইন চৌধুরী থাকছেন আসামির তালিকায়।

এছাড়া ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক পারভীন হক শিকদার, রিক হক শিকদার, রন হক শিকদার এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ সি এম আহমেদকেও মামলার আসামি করা হচ্ছে।

দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে ব্যাংকের প্রচলিত নিয়ম লঙ্ঘন করে অপর্যাপ্ত জামানত, ফিক্সড ও ফ্লোটিং চার্জ এবং ফোর্টনাইট স্টক রিপোর্ট ছাড়াই ঋণ অনুমোদন করেন।

অভিযোগে বলা হচ্ছে, অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের দায়দেনা পর্যালোচনা না করে এবং কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন প্রতিবেদন ছাড়াই ঋণ অনুমোদন করা হয়।

ন্যাশনাল ব্যাংক পিএলসির ‘পলিসি অ্যান্ড প্রসিডিউরাল গাইডলাইনস অন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট লঙ্ঘন করে’ বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের নামে ৫৭৫ কোটি টাকার ফান্ডেড ও ৭৫০ কোটি টাকার নন-ফান্ডেড মিলিয়ে মোট ১৩২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়।

এর মধ্যে বিতরণকৃত ৫৭৫ কোটি টাকার ফান্ডেড ঋণ পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ আনা হচ্ছে মামলায়।

আসামির করা হচ্ছে যাদের

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান; বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফিয়াত সোবহান; পরিচালক ময়নাল হোসাইন চৌধুরী; বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের চলতি হিসাবের সিগনেটরি মেজর জেনারেল মোহাম্মাদ মাহবুব হায়দার খান অবসরপ্রাপ্ত ও ক্যাপ্টেন মোহাম্মাদ রুহুল আমিনকে এ মামলায় আসামি করা হচ্ছে।

ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালক মনোয়ারা শিকদার; সাবেক পরিচালক খলিলুর রহমান; পরিচালক পারভীন হক শিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক শিকদার, রন হক শিকদার, মো. আনোয়ার হোসেন ও একেএম এনামুল হক শামীম এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ সি এম আহমেদের নাম থাকছে মামলায়।

ব্যাংকের দিলকুশা শাখার সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার এবং ব্রাঞ্চ ক্রেডিট কমিটির সভাপতি মো. একরামুল হক; একই শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও তৎকালীন ব্রাঞ্চ ক্রেডিট কমিটির সদস্য মো. রাজুনুর রশীদ; সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও তৎকালীন ব্রাঞ্চ ক্রেডিট কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও আমিরুল ইসলাম; সাবেক ভাইস প্রেসিডেন্ট ও তৎকালীন ব্রাঞ্চ ক্রেডিট কমিটির সদস্য মো. এনায়েত উল্লাহ ও শারাফাত উল্ল্যা চৌধুরীকেও আসামি করা হচ্ছে।

মামলায় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও তৎকালীন ব্রাঞ্চ ক্রেডিট কমিটির সদস্য দিলীপ কুমার দাস; সাবেক ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ও তৎকালীন ব্রাঞ্চ ক্রেডিট কমিটির সদস্য জাহান আরা আকতার; সাবেক ভাইস প্রেসিডেন্ট ও তৎকালীন ব্রাঞ্চ ক্রেডিট কমিটির সদস্য মুনসি ছরোয়ার জানেরও নাম থাকছে।

এছাড়া ব্যাংকের সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও তৎকালীন অ্যাডভান্সড ইনচার্জ এবং ব্রাঞ্চ ক্রেডিট কমিটির সদস্য চন্দন কুমার দাস; সাবেক এক্সিকিউটিভ অফিসার ও তৎকালীন ব্রাঞ্চ ক্রেডিট কমিটির সদস্য ইমরান মৃধা; ন্যাশনাল ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন হাসিনা সুলতানাকে এ মামলায় আসামি করা হচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন