এখন পর্যন্ত নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
ছবি: সংগৃহীত
ঢাকা সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা নাগাদ এহছানুল হক মিলন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।
কিশোরগঞ্জ–৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক (নুর) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। বগুড়া -২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর। একই জেলার আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
কুমিল্লার বিএনপি নেতা হাজি আমিনুর রশীদ ইয়াছিন প্রতিমন্ত্রী হিসেব শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পাঁচবার বিজয়ী হয়েছেন।
বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও ফোন পেয়েছেন। বিএনপির এই নেতা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। যারা যারা মন্ত্রী—প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

