Logo
Logo
×

সংবাদ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।  আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটা হবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন আদিলুর রহমান।

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসার কয়েকটিতে এখনো উপদেষ্টারা অবস্থান করছেন।  তারা সরে গেলে নতুনদের জন্য আবার প্রস্তুত করা হবে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

জানা গেছে, নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকার নতুন প্রধানমন্ত্রীর জন্য সম্ভাব্য বাসভবন নির্ধারণে অনুসন্ধান শুরু করেছিল। সম্ভাব্য স্থানগুলোর মধ্যে ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, শেরেবাংলা নগরের সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের সরকারি বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকার একটি নির্দিষ্ট স্থান।

তবে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হওয়ায় ধারণা করা হচ্ছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হতে পারে। কিন্তু এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে, আগামীকাল মঙ্গলবার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। তাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক সরকারি গাড়ি প্রস্তুত রাখতে সরকারি যানবাহন অধিদপ্তর-কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন