Logo
Logo
×

সংবাদ

গণভোটে সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় এসেছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

গণভোটে সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় এসেছে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা স্পষ্টভাবে এবং কোনো দ্বিধা ছাড়াই সাংবিধানিক সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছেন। তারা পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চান না। তারা রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন ও সংস্কার চান।

আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য তুলে ধরে আলী রীয়াজ জানান, গণভোটে মোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন ভোটার ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ৬০ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা প্রদত্ত ভোটের ৬৮ দশমিক ৬ শতাংশ। আর ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ভোটার ‘না’ ভোট দিয়েছেন, যা কাস্ট হওয়া ভোটের প্রায় ৩১ শতাংশ।

জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে গণভোটে ভোটারের অংশগ্রহণ সামান্য বেশি উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এখনো তিনটি আসনের চূড়ান্ত ফলাফল যুক্ত হওয়া বাকি। ৩০০ আসনের ফল যুক্ত হলে এই ব্যবধান কমে আসতে পারে। তবে কিছু ভোটার কেবল গণভোটে ভোট দিয়েছেন, সংসদ নির্বাচনে ভোট দেননি।

এই ফলাফলকে কেবল সংখ্যার বিচারে না দেখার আহ্বান জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘জনগণের এই রায় হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুতোভয়ে লড়াই করেছেন—তারা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তার স্বীকৃতি।’

অধ্যাপক রীয়াজ জোর দিয়ে বলেন, বিপুল ‘হ্যাঁ’ ভোট জনগণের সরাসরি ম্যান্ডেট। এটিকে কেবল সরকারের অবস্থান হিসেবে না দেখে রাষ্ট্রীয় এজেন্ডা হিসেবে বিবেচনা করা উচিত। তিনি বলেন, ‘নির্বাচনে ভোটাররা পরোক্ষভাবে দলের ইশতেহার অনুমোদন করেন। কিন্তু গণভোটে তারা সরাসরি সংস্কার প্রস্তাব অনুমোদন করেছেন।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন