Logo
Logo
×

সংবাদ

শান্ত ও সংযত থাকার আহ্বান জামায়াতের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১ এএম

শান্ত ও সংযত থাকার আহ্বান জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দলটি জানিয়েছে, তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে।

শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া অনানুষ্ঠানিক তথ্যে দেখা যায়, বিএনপি ও তাদের জোটসঙ্গীরা ১৮২টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোট ৬৯টি আসনে জয় পেয়েছে বলে জানা গেছে।

ফেসবুক বার্তায় জামায়াত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানায়। দলটি উল্লেখ করে, শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আগ্রহের প্রমাণ।

তবে ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তোষও প্রকাশ করেছে দলটি। তাদের দাবি, বিভিন্ন আসনে অল্প ব্যবধানে পরাজয়, ফলাফল প্রকাশে অসামঞ্জস্য, ভোটার উপস্থিতির হার জানাতে নির্বাচন কমিশনের অনাগ্রহ এবং প্রশাসনের একাংশের পক্ষপাতিত্বের অভিযোগ—এসব বিষয় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।

শেষে দলটি জানায়, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন