Logo
Logo
×

সংবাদ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট, মার্কিন দূতাবাস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট, মার্কিন দূতাবাস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্পষ্ট জয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান। পোস্টে তারেক রহমান ও বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজকে উল্লেখ করা হয়।

সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে দেখা যায়, বিএনপি ও তাদের জোটসঙ্গীরা ১৮২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে জামায়াত ও তাদের মিত্ররা ৬৯টি আসনে এগিয়ে রয়েছে।

ফেসবুক বার্তায় মোদি বলেন, সংসদ নির্বাচনে দলকে বিজয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, এই ফলাফল নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।

মোদি আরও বলেন, ভারত একটি গণতান্ত্রিক ও উন্নয়নমুখী বাংলাদেশের পাশে থাকবে। দুই দেশের সম্পর্ককে আরও গভীর করতে এবং যৌথ উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বিবিসির অনলাইন লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জারদারি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি পাকিস্তান সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

তাছাড়া বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।
বার্তায় সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানো হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ভোটারদের প্রশংসাও করা হয়।
দূতাবাস তাদের পোস্টে বিএনপি ও তারেক রহমানের ‘ঐতিহাসিক বিজয়’-এর কথা উল্লেখ করে শুভকামনা জানায়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
জুলাইয়ের গণআন্দোলনের প্রায় দেড় বছর পর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই দিনে সাংবিধানিক সংস্কার ইস্যুতেও গণভোট হয়েছে।



Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন