জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। তবে যারা এখনো ভোটকেন্দ্রে অপেক্ষায় আছেন, তারা ভোট প্রয়োগ করার সুযোগ পাবেন।
এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের। বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ
বেলা ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।
এদিন বেলা ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।
সমন্বয় সেলের তথ্য বলছে, বেলা ২টা পর্যন্ত দেশের সব কেন্দ্রের মধ্যে পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ১৪টি স্থানে। সারাদেশে বিভিন্ন প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৩৫ জায়গায়। দেশের সব কেন্দ্রের মধ্যে ৪৮৬টি ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
এদিকে সারাদেশে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে তিনটি জায়গায়। ৬ জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। ৫৯টি জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি। অগ্নিসংযোগের ঘটনা পাওয়া গেছে ৪টি স্থানে এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির অবহেলার ঘটনা ঘটেছে ৩৩টি।
সারাদিন কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নারী-পুরুষ ও প্রবীণ ভোটারদের ছিল দীর্ঘ সারি। এছাড়া এবারের ভোটে সারাদেশে নারীর ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোটাররা বলেছেন, উৎসবমুখর পরিবেশে তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। এবার ভোট দিতে কোনো বাধা ছিল না। এবারের পরিবেশে ভয় ছিল না, শান্তিতেই ভোট দিয়েছি।

