জামায়াত নেতার টাকা বহন প্রসঙ্গে যা বললেন ইসি সচিব
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, টাকার উৎস ও ব্যবহারের বৈধ খাত প্রমাণ করা গেলে ভোটের সময় ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই। আজ বুধবার ভোটের সময় টাকা পরিবহণের সময়সীমা ও পরিমাণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করেন ইসি সচিব।
ভোটের সময় একজন ব্যক্তি সর্বোচ্চ কত টাকা বহন করতে পারবেন—এমন প্রশ্নের উত্তরে আখতার আহমেদ বলেন,“টাকা যদি বৈধ হয় এবং তার উৎস আইনসম্মতভাবে দেখানো যায়, তাহলে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে যত খুশি টাকা বহন করা যেতে পারে।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, “ওই টাকা যদি নির্বাচনে কোনো প্রার্থী বা ভোটারকে প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি নির্বাচন কমিশনের অধীন ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে।”
এদিকে টাকা অবৈধ হলে বা মানিলন্ডারিং, ঘুষ কিংবা ভোট কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে সে ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী—বলেও জানান ইসি সচিব।

