Logo
Logo
×

সংবাদ

ঠাকুরগাঁও জামায়াত আমিরের কাছ থেকে উদ্ধারকৃত টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়: জামায়াত মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

ঠাকুরগাঁও জামায়াত আমিরের কাছ থেকে উদ্ধারকৃত টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়: জামায়াত মুখপাত্র

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনের কাছ থেকে উদ্ধারকৃত টাকা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।  এই অর্থ কোনোভাবেই নির্বাচন সংশ্লিষ্ট নয়, এটি তাঁর ব্যক্তিগত ব্যবসার টাকা।  আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত মুখপাত্র বলেন, এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে শিগগিরই একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা বিস্তারিত বক্তব্য দেবেন।

এর আগে আজ বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে উদ্ধারকৃত টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে মাওলানা বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে থামায়। তল্লাশির একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাওলানা বেলাল উদ্দিন নিজেই ওই ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয় বলে জেলা পুলিশ নিশ্চিত করেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন