Logo
Logo
×

সংবাদ

নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ১২ ফেব্রুয়ারি।  এ উপলক্ষে নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

আজ বুধবার এক বার্তায় বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় জানায়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়েদের অধিকার অন্তর্ভুক্ত, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং সমাজে যাঁরা বেশি বাধা, বৈষম্য কিংবা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাঁদের অধিকারও এতে অন্তর্ভুক্ত।

বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি, বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে—যা জাতিসংঘ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক এবং মানবাধিকার রক্ষাকারীসহ জনজীবনে কর্মরত নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং ছবি বিকৃত করে অপব্যবহারসহ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিবর্তিত বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের ঘটনা বাড়ছে বলে জানিয়েছেন।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, নারীদের অর্থবহ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে জাতিসংঘ সব অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নারীদের নির্বাচনী অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করছে সংস্থাটি। নারীসহ সব ভোটার যেন কোনো ধরনের ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন—তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া জাতিসংঘ সব অংশীদার, বিশেষ করে রাজনৈতিক নেতা, তাদের দল ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরনের হয়রানি, সহিংসতা কিংবা ভয়ভীতি প্রদর্শন যেন না করা হয়। এটি নারী প্রার্থী ও নারী ভোটার—উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, কারণ তাঁদের অংশগ্রহণ ও নিরাপত্তা একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।

বিবৃতিতে আরও বলা হয়, কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রতিটি ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে—এমনটাই জাতিসংঘ প্রত্যাশা করে। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সরকারকে সর্বাত্মক সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলেও জানানো হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন