তিন বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত, চাকরিচ্যুত, বাধ্যতামূলক অবসর, অকালীন অবসর ও স্বেচ্ছা অবসরে যাওয়া ১৪১ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে চারজনকে সামরিক বাহিনীতে ফেরত নিতে বলা হয়েছে। আর বাকি কর্মকর্তাদের নিয়মিত চাকরির মেয়াদ শেষে সব ধরনের সুযোগ-সুবিধাসহ অবসর দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ৫ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে প্রতিরক্ষাসচিব মো. আশরাফ উদ্দিনের সই রয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি, জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা পেছনের তারিখ থেকে (ভূতাপেক্ষভাবে) কার্যকর হবে।
তালিকা অনুযায়ী পদোন্নতি পাওয়া ব্যক্তিদের মধ্যে সেনাবাহিনীর ১১০ জন, নৌবাহিনীর ১৯ জন এবং বিমানবাহিনীর ১২ জন কর্মকর্তা রয়েছেন। সরকারি ঘোষণায় তাঁরা অবসরকালীন সুবিধা, প্লটসহ সংশ্লিষ্ট আর্থিক সুবিধা পাবেন।
এর মধ্যে বিএমএ ৭৫তম লং কোর্সের চার কর্মকর্তা—লেফটেন্যান্ট শাফায়েত আহমেদ, লেফটেন্যান্ট এ এইচ এম ইকরামউজ্জামান, লেফটেন্যান্ট তৌকির মাহমুদ তুষার এবং লেফটেন্যান্ট আবদুল্লাহ ওমর নাসিফকে জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধাসহ অবিলম্বে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তার মধ্যে আছেন—লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, মেজর জেনারেল মুহাম্মাদ ইশতিয়াক, মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমি, মেজর জেনারেল কামরুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী, কমোডর এম নাসির, কমোডর সৈয়দ মকছুমুল হাকিম, এয়ার ভাইস মার্শাল দেলোয়ার হোসেন, এয়ার কমোডর সৈয়দ ইমতিয়াজ হোসেন, এয়ার কমোডর কাজী মাজহারুল করিম, এয়ার কমোডর খালিদ হোসেন ও এয়ার কমোডর শাহারুল হুদা।

