ইএএসডির জনমত জরিপ
বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত এক জনমত জরিপে বিএনপি নেতৃত্বাধীন জোটের বড় ধরনের বিজয়ের আভাস পাওয়া গেছে। এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) প্রকাশিত জরিপ অনুযায়ী, নির্বাচনে বিএনপি জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে।
আজ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
ইএএসডির তথ্যমতে, জরিপে অংশ নেওয়া ৬৬ দশমিক ৩ শতাংশ ভোটার বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট, যাদের প্রতি সমর্থন জানিয়েছেন ১১ দশমিক ৯ শতাংশ ভোটার। জাতীয় পার্টির প্রতি সমর্থন ৪ শতাংশ, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ২ দশমিক ৬ শতাংশ এবং এনসিপির সমর্থন ১ দশমিক ৭ শতাংশ।
জরিপ অনুযায়ী আসনভিত্তিক পূর্বাভাসে জামায়াত নেতৃত্বাধীন জোট ৪৬টি আসনে, জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয় পেতে পারেন। এ ছাড়া ২২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জানান, দেশের ৩০০টি সংসদীয় আসনে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট (পিএসইউ) পদ্ধতিতে এই জরিপ পরিচালিত হয়েছে। মোট ৪১ হাজার ৫০০ জন উত্তরদাতার তথ্য ‘কোবো টুলবক্স’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংগ্রহ করা হয়। গত ১৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী মাঠপর্যায়ে কাজ করেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬৬ দশমিক ৪ শতাংশ মনে করেন, আসন্ন নির্বাচনের পর বিএনপি জোট সরকার গঠন করতে সক্ষম হবে। পাশাপাশি ৬৮ শতাংশ উত্তরদাতা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন।
জরিপে আরও উঠে এসেছে, আগে আওয়ামী লীগে ভোট দেওয়া ভোটারদের একটি বড় অংশ এবার পরিবর্তনের পক্ষে। তাদের মধ্যে ৮০ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
জরিপ প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএএসডির উপদেষ্টা কাজী সাইফউদ্দীন বেননূর। প্যানেল আলোচনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা অংশ নেন।

