Logo
Logo
×

সংবাদ

জামায়াত জয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম

জামায়াত জয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: শফিকুর রহমান

আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্ত্রী হবেন—এমন প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

তিনি বলেছেন, ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে যদি জনগণ আস্থা রাখে, সেই সরকারে নাহিদ ইসলাম মন্ত্রিত্ব পাবেন। তারা একসঙ্গে কাজ করবেন, হাতে হাত রেখে।

শফিকুর রহমান মনে করেন, আজ যারা প্রার্থী হচ্ছেন, ভবিষ্যতে তারা হবেন বাংলাদেশের ককপিটের চালক। আর তিনি নিজে থাকবেন সাধারণ যাত্রীর আসনে।

আজ রোববার রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্যপ্রসূত প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির।

শফিকুর রহমানের দাবি, জনগণ এবার নির্বাচন ঘিরে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মামলাবাজ ও দখলবাজদের পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করবে।

বিএনপির কিছু নেতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা বিনয়ের সঙ্গে বলেছিলাম—আপনারা একসময় মজলুম ছিলেন, এখন যেন জালিম না হন। কিন্তু এখন চাঁদাবাজি আর দখলবাজিতে অস্থির অবস্থা।”

এই জনসভায় সভাপতিত্ব করেন নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শফিকুর রহমান বলেন, তারা শুধু একটি আসনের দায়িত্ব নিচ্ছেন না। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি, প্রতিটি মানুষের অধিকার রক্ষার দায়িত্ব নিতে প্রস্তুত।

তিনি মনে করেন, দেশের নারীরা আজ কোথাও নিরাপদ নন। এই সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে দেখছেন তিনি।

তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ তুলে দিতে হবে তরুণদের হাতে। বেকার ভাতায় নয়, তরুণদের জন্য চাই কাজের অধিকার। তিনি স্মরণ করিয়ে দেন, ‘জুলাইয়ের আন্দোলনে তরুণেরা রাস্তায় নেমেছিল কাজের দাবিতে, ভাতার জন্য নয়।’

তাদের আন্দোলনের মূল স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। শফিকুর রহমান বলেন, এই স্লোগানে ছিল সমাজ বদলের আকুতি।

তিনি আরও বলেন, বিচারব্যবস্থা সবার জন্য সমান হতে হবে। সাধারণ মানুষ যদি শাস্তি পায়, তাহলে প্রধানমন্ত্রীও অপরাধ করলে ছাড় পাবে না।

ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘৫৯ জন ভয়ঙ্কর ঋণখেলাপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের দিয়ে দুর্নীতি দমন সম্ভব?’

তিনি অঙ্গীকার করেন, বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন