ঢাকাসহ সারা দেশে নির্বাচন ঘিরে দুই দিন সব দোকান বন্ধ থাকবে
ঢাকাসহ সারা দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ থাকবে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে।
সাধারণ মানুষের ভোটগ্রহণে অংশগ্রহণ সহজ করতে এবং ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে দোকান ও বাণিজ্যবিতান বন্ধ থাকবে বলে জানানো হয়।
এদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ফলে ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি—টানা তিন দিন ছুটিতে থাকবেন শিল্পকারখানার শ্রমিকেরা।
সরকার এরই মধ্যে ১১ ফেব্রুয়ারি (বুধবার) জাতীয় নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।
১২ ফেব্রুয়ারি, অর্থাৎ নির্বাচনের দিন, প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণ ছুটি হিসেবেই গণ্য হবে।
এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় স্বাভাবিকভাবেই সাপ্তাহিক ছুটিও যোগ হবে।
সব মিলিয়ে নির্বাচন ঘিরে বেশ কয়েক দিনের ছুটিতে যাচ্ছে দেশ।

