নির্বাচন না হওয়ার তেমন কোনো কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাবে। যদিও সন্দিহান লোকজনের এখনো অভাব নেই। তবে আমি মনে করি, তেমন কোনো কারণ নেই নির্বাচন না হওয়ার। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে শেষ মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, নির্বাচন পারফেক্ট হয়, এটা খুব রেয়ার। যে পারফেক্ট কোনো কিছু হয়েছে, এটা হয় না। জীবনে কোনো কিছুই পারফেক্ট হয় না। কিছু সমস্যা থাকেই। তবে দেখতে হবে, জনমতের প্রতিনিধিত্বশীল হয়েছে কি না। জনমত কি; তা বোঝার জন্য সংখ্যার দিকে তাকাতে হয় না। এটা আমরা মোটামুটি জেনে যাই, বুঝে যাই। এর আগে যে চারটি নির্বাচন হয়েছে, যেটাকে আমরা নির্বাচন বলি, সেখানে প্রতিটিতেই জনমতে প্রতিফলন ঘটেছিল। আমি দীর্ঘদিন ভারতে ছিলাম। বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে তারা নিজেরা গর্ব করে। সেখানেও পারফেক্ট নির্বাচন হয় না, কিছু সমস্যা থাকেই।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের চাপ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে যারা দেখা করতে এসেছেন তাদের কেউ কেউ আওয়ামী লীগ সম্পর্কে জানতে চেয়েছেন, সবাই না। তবে কেউ কোনো ধরনের চাপ সৃষ্টি করেনি। কেউ বলেননি, এটা আপনাদের করা উচিত বা উচিত না বা এটা করেন। কেউ কেউ বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে কি না, আমি বলেছি, এই পরিস্থিতিতে তারা অংশ নিচ্ছে না।
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নে তৌহিদ হোসেন জানান, নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। তবে এই সরকারের উত্তরসূরি হয়ে যে নতুন সরকার আসবে, তারা এই অচলাবস্থা কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমরা ভালো কাজের সম্পর্কের কথা বলে আসছি। আমি আপনাদের এটুকু বলতে পারি, আমার দিক থেকে এবং আমার ওপরে যিনি ছিলেন, প্রধান উপদেষ্টা আছেন বা সরকারের যে মতামত, এতে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই। পারস্পরিক বোঝাপড়া এবং দায়দায়িত্বের জায়গা থেকে আমরা আসলেই ভারতের সঙ্গে একটা ভালো কাজের সম্পর্ক চেয়েছি। এটা আমরা সব সময় চেয়েছি।

