Logo
Logo
×

সংবাদ

জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান

জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ ও শহীদ হাদির পরিবার। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তারা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করে।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে সর্বাত্মক সহযোগিতা করলেও ইনকিলাব মঞ্চ বারবার সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে আজ আমরা শহীদের স্ত্রীসহ যমুনার সামনে অবস্থান নিয়েছি।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, অসহযোগিতা বাড়তে থাকলে ইনকিলাব জনগণের সহায়তা নেবে। সারা দেশের মানুষকে নিয়ে যমুনার সামনে বসবে। তখন পরিস্থিতি সামলানোর দায়িত্ব সরকারেরই থাকবে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হত্যাকাণ্ডের ৫৪-৫৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কারা এই হত্যার পেছনে জড়িত, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পর এই হত্যার বিচার আদৌ হবে কি না—এ নিয়ে আমাদের গভীর আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আমাদের সর্বশেষ আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। আমরা চাই তিনি জাতিসংঘকে একটি চিঠি পাঠান, যেন জুলাই গণহত্যার মতো শহীদ ওসমান হাদি হত্যার ঘটনাও জাতিসংঘের অধীনে নিরপেক্ষভাবে তদন্ত হয়।

আবদুল্লাহ আল জাবের আরও জানান, গত চার-পাঁচ দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, শহীদ হাদির স্ত্রী কখনো রাজপথে নামেননি। তবুও আজ তিনি এখানে এসেছেন, কারণ তিনি বিশ্বাস করেন—জাতিসংঘের অধীনে তদন্ত না হলে হয়তো তাঁর স্বামীর হত্যার বিচার হবে না।

এদিকে যমুনার সামনে উপস্থিত হয়ে ইনকিলাব মঞ্চের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন