Logo
Logo
×

সংবাদ

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা

সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণ–অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল। অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার মোট আসামি ১৬ জন। এর মধ্যে আটজন কারাগারে বন্দি এবং বাকি আটজন পলাতক।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন: ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

পলাতক আসামিরা হলেন: মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার সাবেক ওসি এ এফ এম সায়েদ, পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, নির্মল কুমার দাস, সহকারী উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা এবং যুবলীগ ক্যাডার রনি ভূইয়া।

২০২৪ সালের ৫ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের দিনে, আশুলিয়া থানা এলাকায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয় এবং তাদের লাশ পুড়িয়ে ফেলা হয়। একটি লাশে তখনও প্রাণ ছিল—তাকেও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে ছিলেন সাজ্জাদ হোসেন, আস–সাবুর, তানজিল মাহমুদ, বায়েজিদ বোস্তামী এবং আবুল হোসেন।

এই মামলার রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রথম কোনো রায় ঘোষণা করল।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থান সংক্রান্ত আরও দুটি মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর একটি মামলায় গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই মামলার আরেক আসামি সাবেক পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়েছেন।

সবশেষ ২৬ জানুয়ারি, ঢাকার চানখাঁরপুলে সংঘটিত আরেক মানবতাবিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই মামলার অন্য পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন