আমাদের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট প্রসঙ্গে শেহবাজ শরীফ
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ছিল বাংলাদেশের প্রতি সংহতির বহিঃপ্রকাশ—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ দলকে টুর্নামেন্ট থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এরপর পাকিস্তান সরকার জানায়, তারা বিশ্বকাপে খেলবে বটে, তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে।
প্রথমে বয়কটের কারণ প্রকাশ না করলেও, পরে মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে একটি স্পষ্ট অবস্থান নিয়েছি যে, ভারতের সঙ্গে ম্যাচ খেলব না, কারণ খেলার ময়দানে রাজনীতি চলতে পারে না।”
তিনি আরও বলেন, “আমরা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের উচিত বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো, এবং আমি মনে করি—এটা খুব সঠিক সিদ্ধান্ত।”
আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলার কথা ছিল।
পাকিস্তান সরকারের এই বয়কট ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এর পরিণতি সম্পর্কে সতর্ক করে।
আইসিসির বিবৃতিতে বলা হয়, “এই সিদ্ধান্ত পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যতের জন্য গুরুতর ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। বিশ্ব ক্রিকেট ব্যবস্থার অংশ হিসেবে পিসিবি যে সুবিধা পায়, তাও ক্ষতিগ্রস্ত হতে পারে।”
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, “বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া—এটা আইসিসির দ্বিচারিতার উদাহরণ।”
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার তাদের দলকে ভারতে খেলতে অনুমতি দেয়নি। আইসিসি জানায়, টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে ম্যাচের ভেন্যু পরিবর্তন সম্ভব নয়।

