৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের ৩ জেলা সফর করবেন তারেক রহমান
আগামী ৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চলের ৩টি জেলা সফর করবেন। জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী।
আজ বুধবার বিকেলে দিনাজপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ হোসেন বলেন, এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফর সড়ক পথে নয়, তিনি হেলিকপ্টার যোগে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৩টি জেলায় নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। তবে ৭ ফেব্রুয়ারি দিন নির্ধারিত হলেও এখনো সময় ঠিক হয়নি। এটা নির্ভর করবে নিরাপত্তা, আবহাওয়া ও তার নির্বাচনি সফরসূচি নির্ধারকদের ওপর।
ডা. জাহিদ হোসেন বলেন, এদিন তারেক রহমান দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় দলের মনোনীত প্রার্থীদের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

