১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণার সুযোগ নেই: ইসি মাছউদ
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি স্পষ্ট করেছেন, আইনি জটিলতার কারণে ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে নতুন করে তফসিল ঘোষণার কোনো সুযোগ নেই। আজ বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকের সঙ্গে আলাপকালে ইসি আবদুর রহমানেল মাছউদ এসব কথা বলেন।
ইসি মাছউদ জানান, আরপিওর ১৭(১) ধারা অনুযায়ী, যদি কোনো বৈধ মনোনীত প্রার্থী ভোট গ্রহণের আগে মৃত্যুবরণ করেন, তবে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করবেন। তিনি বলেন, নতুন তফসিল ঘোষণা করতে হলে কমপক্ষে ১৫ দিন সময় দিতে হয়। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আর মাত্র সপ্তাহখানেক বাকি। ফলে এই সময়ের মধ্যে পুনরায় সব প্রক্রিয়া শেষ করে ভোট গ্রহণ করা সম্ভব নয়।
উল্লেখ্য, শেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল (৫১) গতকাল মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। ময়মনসিংহে নেওয়ার পথে গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে ইসি মাছউদ বলেন, জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুর পর এই আসনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। আপিল ও বাছাইয়ের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন। নতুন তফসিলের বিষয়ে কমিশন আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে।
নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন আছে—এ প্রশ্নের জবাবে ইসি আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘আমরা মনে করি, নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে। অবশ্যই বলব তুলনামূলকভাবে ভালো আছে।’

