Logo
Logo
×

সংবাদ

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে সড়ক অবরোধ, আশপাশে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে সড়ক অবরোধ, আশপাশে তীব্র যানজট

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এরপর থেকেই ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানায়, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদের জন্য বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগের সুপারিশের প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছে। তাদের দাবি, এ পদে শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগের সুযোগ থাকা উচিত।

কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, ‘সহকারী প্রকৌশলী পদে আগে থেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারেন। কিন্তু এখন উপসহকারী প্রকৌশলী পদেও বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে আমরা জেনেছি। এটি বাতিল না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’

বিক্ষোভের কারণে অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা দুপুর ২টার দিকে বলেন, ‘সাতরাস্তার মোড়ে অবরোধ আশপাশের এলাকাতেও প্রভাব ফেলেছে। সাতরাস্তা থেকে কাকরাইল পর্যন্ত সড়কে যানজট চরমে পৌঁছেছে। সোনারগাঁওয়ের সামনে কানেক্টিং রোড দিয়ে গাড়ি চলাচল করতে পারছে না। ফলে বিকল্প রুটেও চাপ বেড়েছে। মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশনের মাধ্যমে চালানো হচ্ছে।’


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন