ভোরে সাতক্ষীরায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
ভোরের আলো ফোটার আগেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শেষ জেলা সাতক্ষীরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর কম্পন দেশের বিভিন্ন স্থানে টের পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূমিকম্পটি হয়।
তিনি আরও জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, সাতক্ষীরার সীমান্তবর্তী কলারোয়া উপজেলায়। এটি ছিল হালকা মাত্রার ভূমিকম্প; রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, সাতক্ষীরা শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ভারতের উত্তর ২৪ পরগণার হাবড়া পৌরসভা থেকে এর দূরত্ব ছিল ৩৬ কিলোমিটার।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
সাতক্ষীরার সাংবাদিক মেহেদী সোহাগ বলেন, ‘ভোরে হঠাৎ বাসার ভেতর কম্পন অনুভব করি। তখনই বুঝতে পারি, এটি ভূমিকম্প।’
তিনি জানান, হঠাৎ ঘরবাড়ি কেঁপে ওঠায় স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

