২২ বছর পর খুলনায় পৌঁছে নির্বাচনি জনসভায় তারেক রহমান
প্রায় ২২ বছর পর সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনায় পৌঁছে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন।
সকাল সাড়ে ১২টায় খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে পৌঁছান তিনি। সেখানে মঞ্চে উঠলে দলীয় নেতা-কর্মীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।
মঞ্চে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ১৪টি আসনের ধানের শীষ প্রতীক নিয়ে মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে আছেন: আমীর এজাজ খান (খুলনা-১), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা-২), রকিবুল ইসলাম (খুলনা-৩), এস কে আজিজুল বারী (খুলনা-৪), মোহাম্মদ আলি আসগার (খুলনা-৫), এস এম মনিরুল হাসান বাপ্পী (খুলনা-৬), হাবিবুল ইসলাম হাবিব (সাতক্ষীরা-১), আব্দুর রউফ (সাতক্ষীরা-২), কাজী আলাউদ্দীন (সাতক্ষীরা-৩), মনিরুজ্জামান (সাতক্ষীরা-৪), কপিল কৃষ্ণ মন্ডল (বাগেরহাট-১), শেখ মোহাম্মদ জাকির হোসেন (বাগেরহাট-২), শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩) ও সোম নাথ দে (বাগেরহাট-৪)।
তারেক রহমান হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনায় আসেন। সকাল সাড়ে ৯টা থেকেই প্রভাতী স্কুল মাঠে ছোট ছোট মিছিল এসে জমা হতে থাকে। অনেকের হাতে ছিল প্রার্থীদের প্ল্যাকার্ড ও ধানের শীষ প্রতীক। তারা স্লোগান দেন, ‘ভোট দিব কিসে, ধানের শীষে’। বাদ্যযন্ত্র বাজিয়ে পরিবেশে উৎসবের আমেজ তৈরি হয়।
জনসভা শুরু হয় সকাল ১১টায়। শুরুতে কোরআন ও গীতাপাঠ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।
তারেক রহমান এর আগে ২০০৫ সালের ২৩ মার্চ খুলনায় এসেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে।
খুলনার সভা শেষ করে তিনি হেলিকপ্টারে করে যশোর রওনা হবেন। সেখানে বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর পৌনে ২টায় আরেকটি নির্বাচনি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
যশোরের সভা শেষ হলে বিএনপি চেয়ারম্যান আবার হেলিকপ্টারে ঢাকায় ফিরে যাবেন।
২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমান তার নির্বাচনি প্রচার শুরু করেন। ওই দিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করেন।
এরপর ২৫ জানুয়ারি তিনি চট্টগ্রাম সফরে যান এবং সেখান থেকে ফেনী, চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জ ঘুরে ঢাকায় ফেরেন।
২৯ জানুয়ারি শুরু হয় তার উত্তরাঞ্চল সফর। তিন দিনের সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে সমাবেশ করেন। এরপর শনিবার ঢাকায় ফিরে আসেন।
২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত তারেক রহমান মোট ২২টি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন।

