Logo
Logo
×

সংবাদ

নারীর বাইরে বের হওয়া ‘পতিতাবৃত্তিরই আরেক রূপ’ মন্তব্য করে জামায়াত আমিরের এক্স আইডিতে পোস্ট

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ এএম

নারীর বাইরে বের হওয়া ‘পতিতাবৃত্তিরই আরেক রূপ’ মন্তব্য করে জামায়াত আমিরের এক্স আইডিতে পোস্ট

ডা. শফিকুর রহমান ও এক্সে দেওয়া প্রথম পোস্ট। ছবি: সংগৃহীত

নারীদের বাইরে বের হওয়াকে ‘পতিতাবৃত্তিরই আরেক রূপ’ বলে মন্তব্য করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডিতে একটি পোস্ট করা হয়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জামায়াত আমিরের ভেরিফায়েড আইডিতে করা ওই পোস্টে নারীর নেতৃত্বের প্রশ্নে জামায়াতে ইসলামীর অবস্থান স্পষ্ট বলেও উল্লেখ করা হয়।

এদিকে, এমন মন্তব্য ঘিরে সামাজিক যোেগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে একই আইডি থেকে অপর এক পোস্টে দাবি করা হয়, জামায়াত আমিরের এক্স আইডিটি হ্যাক হয়েছিল।

প্রসঙ্গত,  ২০২৫-২৬ সালের তথ্য অনুযায়ী- হ্যাক হওয়া কোনো এক্স (টুইটার) অ্যাকাউন্ট উদ্ধার করতে কয়েক দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে অ্যাকাউন্ট উদ্ধারে কতটা সময় লাগবে তা অ্যাকাউন্টটি কতটা গুরুতরভাবে হ্যাক হয়েছে এবং ব্যবহারকারী প্রিমিয়াম গ্রাহক কি না তার ওপর নির্ভর করে। অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ করার ২৪-৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক সাড়া মিললেও, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে আর বেশি সময় লাগে। সেই হিসাবে জামায়াতের আমিরের অ্যাকউন্ট হ্যাক হওয়ার দাবি এবং উদ্ধার একই দিনে ঘটেছে। যা হ্যাকড এক্স অ্যাকাউন্ট উদ্ধারের প্রচলিত সময়সীমার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। 

জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে  প্রথম পোস্টে বলা হয়, ‘নারী নেতৃত্বের প্রশ্নে জামায়াতের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং এ নিয়ে কোনো ধরনের দ্বিধা বা ক্ষমা প্রার্থনার অবকাশ নেই। নেতৃত্বে নারীদের আসা উচিত নয় বলে আমরা মনে করি। জামায়াতে এটা অসম্ভব। মহান আল্লাহ নারী নেতৃত্বের অনুমোদন দেননি।’

পোস্টে আরও বলা হয়, ‘আধুনিকতার নামে নারীদের যখন ঘরের বাইরে ঠেলে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার শিকার হয়। এটি “পতিতাবৃত্তিরই আরেক রূপ”। সামাজিক মাধ্যমে অশ্লীলতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা প্রগতির কোনো লক্ষণ নয়; বরং এগুলো নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ।’

পোস্টের শেষ অংশে বলা হয়, ‘অনৈতিকতা যতই “ফ্যাশনেবল” হোক না কেন, এর সঙ্গে কোনো আপস করবে না জামায়াত।’

এই পোস্টের সঙ্গে হ্যাশটেগ দিয়ে লেখা হয়, জামাত২০২৬, বিডিইলেকশন২০২৬ এবং বিল্ডিংবাংলাদেশটুগেদার। 

এদিকে, এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরপর একই আইডি থেকে অপর পোস্টে দাবি করা হয়, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। 

আইডি হ্যাক হয়েছে দাবি করে দেওয়া পোস্ট। স্ক্রিনশট

শনিবার রাতে জামায়াত আমিরের প্রচার টিমের পক্ষ থেকে দেওয়া এই পোস্টে ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’ শিরোনাম দিয়ে বলা হয়, ‘আমরা স্পষ্ট করতে চাই, সম্প্রতি জামায়াত আমিরের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং সেখানে তার নামে ভুয়া লেখা পোস্ট করা হয়। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ 

পোস্টে আরও বলা হয়, ‘আমাদের বিরোধীরা যত ধরনের কৌশলই প্রয়োগ করুক না কেন, আমরা জনগণ ও বাংলদেশের ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক ও নীতিগত প্রচারণায়ই মনোযোগী থাকব সবসময়।’

এর আগে, গত বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারেও জামায়াতের প্রধান পদে নারী আসতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘এটি সম্ভব নয়। আল্লাহ প্রত্যেককে তার নিজস্ব সত্তায় সৃষ্টি করেছেন। একজন পুরুষ কখনো সন্তান ধারণ করতে পারবে না বা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবে না। আল্লাহ যা সৃষ্টি করেছেন, আমরা তা পরিবর্তন করতে পারি না।’ 

এ প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন, ‘কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে, যা আমরা অস্বীকার করতে পারি না। একজন মা যখন সন্তান জন্ম দেন, তিনি কীভাবে এই দায়িত্ব পালন করবেন? এটি সম্ভব নয়।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন