চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি চলছে।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচির প্রভাব পড়েছে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে এই কর্মসূচি। এতে অংশ নেন বন্দর কর্মচারী ও শ্রমিকেরা। কেউই কাজে যোগ না দেওয়ায় জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো কার্যক্রমে দেখা দেয় অচলাবস্থা।
বন্দরের জেটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম পুরোপুরি বন্ধ। তিনটি টার্মিনাল—জিসিবি, সিসিটি এবং এনসিটিতে পণ্য ওঠানো-নামানো বন্ধ রয়েছে।
তবে এনসিটিতে শুধু বেসরকারি ডিপো থেকে আনা রপ্তানি পণ্যের কনটেইনার জাহাজে তোলার কাজ কিছুটা চলেছে।
বন্দরের পরিচালন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংগঠন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের (বোটসোয়া) সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, ‘জেনারেল কার্গো বার্থে (জিসিবি) কনটেইনার ওঠানো-নামানোর জন্য শ্রমিক বুক করতে চেয়েও পারিনি। যন্ত্রচালকেরাও অনুপস্থিত। ফলে কার্যক্রম বন্ধ।’
বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, ‘শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিকেল চারটা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।’
এই কর্মসূচি এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কোম্পানির কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে। বৃহস্পতিবার বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এই কর্মসূচির ঘোষণা দেয়।
তারা জানায়, শুধু আজ নয়, রোববার আবার আট ঘণ্টার জন্য প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার কর্মসূচি তারা পালন করবেন তারা।

