পটিয়ায় চলন্ত বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্য নিহত
চট্টগ্রামের পটিয়ায় একটি চলন্ত বাসের ধাক্কায় নৌবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন, আরেকজন আহত হয়েছেন।
শুক্রবার সকাল আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেয়ানপাড়া ক্রসিংয়ে কক্সবাজারগামী হানিফ পরিবহনের বাসটি পেছন থেকে একটি মোটর সাইকেলে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতের নাম নাজমুস সাকিব। তার বয়স ৩৮ বছর। তিনি নৌবাহিনীর ঈসা খান ঘাঁটিতে এলএস পদে কর্মরত ছিলেন। আহত ইকরাম হোসেন একই বাহিনীর নাবিক পদে রয়েছেন।
পটিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক হারুনর রশিদ জানান, সাকিব ও ইকরাম মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। শেয়ানপাড়া এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিলে তারা ছিটকে পড়েন।
তিনি বলেন, বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান নাজমুস সাকিব। ইকরাম হোসেন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছেন পরিদর্শক হারুন।

