Logo
Logo
×

সংবাদ

ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য: জামায়াত নেতার পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:১৫ পিএম

ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্য: জামায়াত নেতার পদ স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মো. শামীম আহসানের পদ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে তাকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। শামীম আহসান বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছিলেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, শামীম আহসানের মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এ বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

সংগঠনটি জানায়, তাদের নীতি ও আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়ার দায়ে জেলা কর্মপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাকে জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সংগঠনের নীতি ও আদর্শ সমুন্নত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য বা কর্মকাণ্ডের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

উল্লখ্য, গত ২৪ জানুয়ারি রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের নির্বাচনি জনসভায় বক্তব্য দেন শামীম। সেখানে তিনি বলেন, “আমরা দেখছি, ডাকসু নির্বাচনের পরে- যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সব ধরণের অন্যায়, সব ধরণের চাঁদাবাজি ও দুর্নীতি উৎখাত করতে জামায়াতে ইসলামী সক্ষম।”

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন