সোয়া ৪ লাখ প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এখন পর্যন্ত সোয়া চার লাখ প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। আজ মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।
পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ কার্যক্রমের হালনাগাদ তথ্য তুলে ধরে তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিভিন্ন দেশে পাঠানো ব্যালটের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট গন্তব্য দেশে পৌঁছেছে। এর মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান করেছেন ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন ভোটার।
সালীম আহমাদ খান আরও জানান, ভোট প্রদানকারী ভোটারদের মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন তাঁদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন। এ পর্যন্ত ২১ হাজার ৫০৮টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ এবারের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

