শান্তিনগরে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপ
১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম। তিনি বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে গেলে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে একদল ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। সে সময় নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কর্মীদের সঙ্গে কলেজের ভেতরে একটি ভবনের বারান্দায় অবস্থান নেন। তাঁর কর্মীরা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবার’ স্লোগান দেন।
ডিম নিক্ষেপের প্রতিবাদে ফকিরাপুলে থাকা দলটির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ও বিকেল চারটায় বিক্ষোভ মিছিলের ডাক দেন নাসির উদ্দিন পাটোয়ারী।
এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালে নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়।

