Logo
Logo
×

সংবাদ

বিদেশ থেকে ২১ হাজার পোস্টাল ব্যালট দেশে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০১:৫৭ পিএম

বিদেশ থেকে ২১ হাজার পোস্টাল ব্যালট দেশে

বিদেশে থাকা বাংলাদেশিদের পাঠানো পোস্টাল ব্যালটের একটি বড় অংশ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসব ব্যালট যাচাই ও গ্রহণের কাজ চলমান রয়েছে।

ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট দেশে ফিরেছে। তিনি বলেন, মোট ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ইতোমধ্যে ভোট দিয়েছেন। এর মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন ভোটার ভোট দেওয়া শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠায়। মঙ্গলবার সকাল পর্যন্ত এসব ব্যালটের মধ্যে ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।

নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের দ্রুত ভোট দিয়ে নিকটবর্তী পোস্ট অফিসে ব্যালট জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী, দেশে ভোটগ্রহণের দিন বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাতে না পারলে তা ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না।

এবার দেশে ও দেশের বাইরে মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেন। এর মধ্যে অর্ধেকের বেশি ভোটার প্রবাসী।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে শুধু প্রবাসী বাংলাদেশিরাই নয়, দেশের ভেতরেও তিন ধরনের ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন