Logo
Logo
×

সংবাদ

ময়মনসিংহে আজ তারেক রহমানের জনসভা, জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

ময়মনসিংহে আজ তারেক রহমানের জনসভা, জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে আজ মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই সকাল থেকে মাঠে ভিড় করতে শুরু করেছেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা।

জনসভার জন্য ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের একটি মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের মাঝখানে বসানো হয়েছে এলইডি স্ক্রিন। দুই পাশে রয়েছে ব্যানার। বাঁ দিকের ব্যানারে লেখা আছে ‘আই হ্যাব এ প্ল্যান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’। আজ বেলা আড়াইটার দিকে মঞ্চে উপস্থিত হয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সভাস্থলের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিএসএফ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে ২০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। জনসভায় অংশ নিতে গতকাল রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লোকজন ময়মনসিংহে আসতে শুরু করেন।

দলীয় সূত্র জানায়, ২০০৪ সালে ময়মনসিংহে একটি প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ সময় পর আজকের এই নির্বাচনী জনসভায় তিনি আসছেন। কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরজুড়ে পোস্টার ও প্যানার টানিয়ে তারেক রহমানকে স্বাগত জানানো হয়েছে।

জামালপুরের মেলান্দহ থেকে আসা ৫২ বছর বয়সী নজর আলী জানান, তিনি ও আরও ৪০–৫০ জন কর্মী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে এসে সভাস্থলে পৌঁছেছেন। তিনি বলেন, ‘আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য সকালেই চলে এসেছি।’

ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট গ্রামের আবদুল লতিফ সরকার বলেন, তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবে তারেক রহমানকে দেখতে সভায় এসেছেন।

এই কর্মসূচি উপলক্ষে গতকাল দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, প্রায় ২২ বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা গেছে। সভায় ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুর জেলার ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। দলীয় নেতাদের আশা, সার্কিট হাউস মাঠসহ পুরো শহর আজ জনসমুদ্রে পরিণত হবে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন