Logo
Logo
×

সংবাদ

তুষারঝড় যুক্তরাষ্ট্রে অন্তত ১৮ মৃত্যু, হাজার হাজার ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম

তুষারঝড় যুক্তরাষ্ট্রে অন্তত ১৮ মৃত্যু, হাজার হাজার ফ্লাইট বাতিল

তুষারঝড় আর তীব্র শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বড় অংশ অচল হয়ে পড়েছে, অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে।

নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত সড়কগুলো বরফে পিচ্ছিল হয়ে যায়। অনেক জায়গায় এক ফুটের বেশি বরফ জমে। অন্তত ২৫টি অঙ্গরাজ্যের গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেন। দক্ষিণের কয়েকটি অঙ্গরাজ্যে কয়েক দশকের মধ্যে এমন শীত দেখা যায়নি। পুরু বরফে গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে।

কর্তৃপক্ষ জানায়, এই ঝড়ে বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ১৮ জন মারা গেছেন। 

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ অ্যালিসন সান্তোরেলি বলেন, ঝড়টি উপকূল ছাড়লেও কানাডা থেকে আসা আর্কটিক বাতাসের কারণে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত তীব্র ঠান্ডা থাকবে। প্রায় ২০ কোটি মানুষ চরম শীতের সতর্কতার মধ্যে রয়েছে। টেক্সাসের লাবক শহরে সোমবার তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি ফারেনহাইট। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও বোস্টনে সপ্তাহজুড়ে এক অঙ্কের তাপমাত্রা থাকবে।

পাওয়ারআউটেজ ডট ইউএস জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় আট লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন, এর মধ্যে টেনেসিতে ছিল ২ লাখ ৪৬ হাজার। ঝড়ে বিমান চলাচলও বিপর্যস্ত হয়। রবিবার যুক্তরাষ্ট্রে ১২ হাজার ৫০০টির বেশি ফ্লাইট বাতিল হয়, যা ২০২০ সালের কোভিড-১৯ মহামারির পর একদিনে সর্বোচ্চ।

ওকলাহোমার তুলসায় রায়ান ডুভাল নিজের পুরোনো ফায়ার ট্রাক নিয়ে বরফে ঢাকা রাস্তায় ঘুরে মানুষকে সাহায্য করেন। নিউ মেক্সিকোর বোনিটো লেকে ৩১ ইঞ্চি বরফ সরাতে হয়। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ১১ দশমিক ৪ ইঞ্চি এবং বোস্টনের লোগান বিমানবন্দরে ১৮ দশমিক ৬ ইঞ্চি তুষারপাত রেকর্ড হয়। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জরুরি কাজে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন। স্কুল বন্ধ ঘোষণা করে মেয়র মামদানি রসিকতা করে বলেন, কেউ চাইলে তাকে স্নোবল ছুড়তে পারে। এত কিছুর মাঝেও ওয়াশিংটন ডিসিতে মেরিডিয়ান হিল পার্কে তুষারযুদ্ধ আর ক্যাপিটল হিলে শিশুদের স্লেজিং আনন্দ ছড়িয়ে দেয়।

সূত্র: রয়টার্স


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন