Logo
Logo
×

সংবাদ

চানখারপুলে ছয়জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

চানখারপুলে ছয়জনকে হত্যা: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া বাকি দুজন হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম।

এ মামলার আট আসামির মধ্যে রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ৬ বছরের কারাদণ্ড; শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড এবং ওই থানার তিন পুলিশ কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ সোমবার এ রায় ঘোষণা করে।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

২০ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও, রায় প্রস্তুত না থাকায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান নতুন দিন নির্ধারণ করেন ২৬ জানুয়ারি।

এই ট্রাইব্যুনালে এটি দ্বিতীয় রায়। 

২০২৫ সালের ১৭ নভেম্বর এই ট্রাইব্যুনালের প্রথম রায়ে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় চাঁনখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ।

ওই ঘটনায় শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। আহত হন অনেকে।

২০২৫ সালের ১১ এপ্রিল তদন্ত সংস্থা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়।

নথিপত্র পর্যালোচনা শেষে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।

ট্রাইব্যুনাল সেদিনই হাবিবুর রহমানসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চাঁনখারপুলে আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন এবং ছয়জনকে হত্যা করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন