Logo
Logo
×

সংবাদ

জুলাই অভ্যুত্থানের সময় চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় রায় আজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ এএম

জুলাই অভ্যুত্থানের সময় চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় রায় আজ

চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিষয়ে রায় হবে আজ সোমবার।

এই মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

২০ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও, রায় প্রস্তুত না থাকায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান নতুন দিন নির্ধারণ করেন ২৬ জানুয়ারি।

এই ট্রাইব্যুনালে এটি হবে দ্বিতীয় রায়। বিটিভিতে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে।

২০২৫ সালের ১৭ নভেম্বর এই ট্রাইব্যুনালের প্রথম রায়ে, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় চাঁনখারপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ।

ওই ঘটনায় শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। আহত হন অনেকে।

২০২৫ সালের ১১ এপ্রিল তদন্ত সংস্থা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়।

নথিপত্র পর্যালোচনা শেষে প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।

ট্রাইব্যুনাল সেদিনই হাবিবুর রহমানসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চাঁনখারপুলে আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের লক্ষ্য করে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন এবং ছয়জনকে হত্যা করেন।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন