Logo
Logo
×

সংবাদ

প্রথম নির্বাচনী জনসভায় কী বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

প্রথম নির্বাচনী জনসভায় কী বললেন তারেক রহমান

সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বেলা সাড়ে ১২টায় তিনি মঞ্চে উপস্থিত হন। মুহূর্তেই করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাঠজুড়ে উপস্থিত ছিলেন সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীসহ হাজারো নেতা-কর্মী ও সমর্থক। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে থাকে। মাঠের আশপাশের রাস্তাগুলো ছিল জনসমুদ্রে রূপ নেওয়া মানুষের দখলে।

বক্তব্যে তারেক রহমান বলেন, “আমরা দেখেছি বিগত ১৫-১৬ বছরে উন্নয়নের নাম করে কীভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক—২০০৫ সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে, বন্যা হয়েছিল। আমার আসতে লেগেছিল সাড়ে ৪ ঘণ্টা। কিন্তু আজকে আমরা দেখি ১০ ঘণ্টার মতো সময় লাগে। সিলেটের এই পূণ্যভূমির বহু মানুষ লন্ডনে যাতায়াত করেন; প্লেনে করে যেতেও এত সময় লাগে না। এই হচ্ছে আজকের উন্নয়নের ফিরিস্তি।”

তিনি আরও বলেন, “গত ১৫-১৬ বছরে আমরা দেখেছি, কীভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে; কীভাবে আমি-ডামির নির্বাচন হয়েছে; কীভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে। এসব তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজ আমরা একত্রিত হয়েছি তাদের জীবনের বিনিময়ে—যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমেছিল, যারা নির্যাতিত ও অত্যাচারিত হয়েছিল।”

তারেক রহমান বলেন, “টেক ব্যাক বাংলাদেশ—এই লক্ষ্যই আমাদের। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা ২১ দফার কর্মসূচি দিয়েছি। ইনশাআল্লাহ, আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা এই ২১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাগ্যোন্নয়ন করব।”

তিনি জানান, “আমরা ফ্যামিলি কার্ড চালু করতে চাই। প্রতিটি পরিবারকে এই কার্ডের আওতায় এনে তাদের সাবলম্বী করতে চাই। যাতে করে মায়েরা, বোনেরা সংসারে পাশে থেকে পরিবার গড়ে তুলতে পারে। আমরা চাই এই কার্ড পৌঁছে যাক গ্রাম থেকে শহর পর্যন্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত প্রতিটি পরিবারের হাতে।”

তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, “এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে হলে কী করতে হবে? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। পারবেন? ইনশাআল্লাহ।”

এদিন তার আগমন উপলক্ষে পুরো সিলেট শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে আলিয়া মাদ্রাসা মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। অনেকে আগের রাতেই সেখানে পৌঁছে যান। জিয়া পরিবারের ইতিহাস অনুসরণ করে তারেক রহমানও প্রথম নির্বাচনী জনসভা সিলেট থেকেই শুরু করেন।

জনসভাস্থলে বক্তব্য দেওয়ার আগে তিনি হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন এবং দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে গিয়ে এলাকাবাসীর উদ্দেশে বলেন, “ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রইল—১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হোক।” 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন