কলেজশিক্ষককে গলা কেটে হত্যা, জনতার আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজশিক্ষক ও বিএনপি নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। তিনি কুমারপাড়া গ্রামের মৃত ছাবেদ আলী ব্যাপারীর ছেলে। তিনি সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ জনতা ও রেজাউল করিমের সমর্থকেরা পাশের মুদিদোকানি আব্দুল ওহাবের বাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে পড়লে তার ৭০ বছর বয়সী মা ছাবিহা বেওয়া দগ্ধ হয়ে মারা যান।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহতের বড় ভাই আব্দুল জলিল ব্যাপারী দাবি করেন, তার ভাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। এজন্য পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন জানান, এলাকাজুড়ে পরিচিত কিছু সন্ত্রাসীই এ হামলার পেছনে রয়েছে। এই হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা আহ্বান করা হয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানিয়েছেন, নিহতের গলা ও মুখে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। একই সঙ্গে আগুনে নিহত বৃদ্ধার মৃত্যুর ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।

