Logo
Logo
×

সংবাদ

বিএনপির প্রথম নির্বাচনী জনসভা

সকাল থেকে মিছিল আসছে বিভিন্ন এলাকা থেকে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

সকাল থেকে মিছিল আসছে বিভিন্ন এলাকা থেকে

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। সকাল ১০টায় শুরু হওয়া এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে সকাল থেকেই মাঠে জড়ো হতে শুরু করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

গতকাল রাত থেকেই অনেকে মাঠের এক পাশে ত্রিপল বিছিয়ে রাত কাটিয়েছেন। অনেকে শুয়ে-বসে জনসভার প্রস্তুতি নিতে দেখা যায়। আজ সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা।

সকাল সাড়ে আটটার দিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক মিছিল নিয়ে জনসভাস্থলে পৌঁছান। তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা ‘খেজুরগাছ, খেজুরগাছ’ স্লোগান দিতে দিতে মাঠে প্রবেশ করেন।

কানাইঘাট থেকে আসা ফখরুল ইসলাম জানান, গত রাতে ছয়-সাতটি বাসযোগে তারা সিলেটে এসেছেন। পরে ভোরে সোবহানীঘাটে মিলিত হয়ে মাঠে আসেন। একই মিছিলে থাকা মামুনুর রশীদ বলেন, সিলেট-৫ আসনের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকও সকালে তাদের সঙ্গে যোগ দেন।

সুনামগঞ্জের জামালগঞ্জের রামপুর গ্রামের বাসিন্দা মোবারক মিয়া জানান, তারা সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে এসেছেন। তাদের সঙ্গে আছেন আরও পাঁচ শতাধিক কর্মী ও সমর্থক।

গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম জানান, তিনি তিন শতাধিক কর্মী নিয়ে জনসভায় যোগ দিয়েছেন। এ ছাড়া সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন এবং তারেক রহমানের ছবি সংবলিত গেঞ্জি পরে মাঠে হাজির হন।

এই জনসভাটি আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং সুনামগঞ্জ জেলা বিএনপি। সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বুধবার রাত আটটার দিকে তারেক রহমান সিলেট পৌঁছান আকাশপথে। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি শাহজালাল দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরেও শ্রদ্ধা জানান।

মাজার জিয়ারতের পর তিনি দক্ষিণ সুরমার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। সেখানে উপস্থিত নেতাকর্মী এবং স্থানীয়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কিছু সময় অবস্থান শেষে তারেক রহমান সিলেট বিমানবন্দরসংলগ্ন হোটেলে ফিরে যান। 


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন