আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান, শুরু হচ্ছে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আজ সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির নির্বাচনী প্রচারাভিযান।
২০০১ সালে সিলেট জেলা বিএনপির এক কর্মী সম্মেলনে অংশ নিতে শহরটিতে সর্বশেষ গিয়েছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব। সেই সময় তার মা, দলের প্রধান খালেদা জিয়া প্রচার শুরু করতেন হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে। এবার সেই ঐতিহ্য অনুসরণ করছেন তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসনে কাটিয়ে ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। সে সময় তিনি সিলেটের ওপর দিয়ে গেলেও স্থানীয়দের সঙ্গে তার সরাসরি দেখা হয়নি। এবার সিলেটবাসীর সামনে সরাসরি হাজির হচ্ছেন তিনি—২২ বছর পর।
জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, আজ বিকেলে বিমানে সিলেটে পৌঁছাবেন দলের চেয়ারম্যান। রাতেই তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
এরপর যাবেন দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে, যেখানে রয়েছে তার শ্বশুরবাড়ি।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এরপর বেলা ১১টার দিকে চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনি প্রচার শুরু হবে।
সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ফেরার পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
দলীয় নেতারা জানিয়েছেন, ফেরার সময় কিশোরগঞ্জের ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এবং নারায়ণগঞ্জে পথসভা করার পরিকল্পনাও রয়েছে।
তার আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মঙ্গলবার বিকেলে নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা ও আম্বরখানা এলাকায় দেখা গেছে, শহরজুড়ে তারেক রহমানের ছবি সম্বলিত তোরণ, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে।

