Logo
Logo
×

সংবাদ

পদ্মা সেতুতে টোল আদায়ে মাইলফলক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:০০ পিএম

পদ্মা সেতুতে টোল আদায়ে মাইলফলক

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত সংগৃহীত মোট টোলের পরিমাণ ৩ হাজার কোটি টাকা অতিক্রম করেছে। টোল আদায়ের ক্ষেত্রে এটি একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেতু কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত হয়েছে। এর ফলে সেতুটি দিয়ে যানবাহন চলাচলের সংখ্যা ও রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

পদ্মা সেতু চালুর ফলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে, তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের পণ্য পরিবহণ এবং শিল্পজাত পণ্যের সরবরাহে এসেছে বৈপ্লবিক পরিবর্তন, যা দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে জানায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আরও জানায়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বিশেষ দিকনির্দেশনা এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সার্বক্ষণিক তত্ত্বাবধানেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

আধুনিক প্রযুক্তিতে টোল আদায়

পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে স্থাপিত অত্যাধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি টোল আদায় কার্যক্রমকে আরও গতিশীল করেছে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের ফলে যানবাহনকে টোল প্লাজায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না, এতে সময় সাশ্রয় হচ্ছে এবং যাতায়াত হয়েছে আরও সহজ ও দ্রুত।

কর্তৃপক্ষ জানায়, জনগণের নিরবচ্ছিন্ন সহযোগিতা এবং ডিজিটাল টোল সিস্টেমের আধুনিকায়নের ফলেই স্বল্প সময়ের মধ্যে এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।

সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা

টোল আদায়ের এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনে অবদান রাখায় গাড়ির মালিক, চালক ও শ্রমিক, সেতুর দুই পাড়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত অপারেটর, সাইট অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সেতু সংশ্লিষ্ট সকল অংশীজনকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন