পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পোস্টাল ভোট সফলভাবে করতে পারলে এজন্য হয়তোবা একদিন দেখবেন—সারা দুনিয়াতে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। আমার সাথে যখন (বিদেশিরা) দেখা করতে আসে, তখন আমাকে বলে—আপনারা যদি এটা (পোস্টাল ভোট) করতে পারেন, তাহলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হবে। কারণ, অনেক দেশ এটা করতে পারেনি। আমাদের আশেপাশের দেশও এভাবে সফলভাবে করতে পারেনি। আমরা প্রথমবার এটা করছি।’
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে দেশের সকল রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের (ইসি) ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন বলেন, পোস্টাল ভোট নিয়ে আমাদের কার্যক্রম এখন পর্যন্ত যেটা দেখছি, তাতে খুব একটা খারাপ হয়েছে বলে আমরা মনে করি না। যারা আগে করেছে, তাদের অভিজ্ঞতা আমাদের চাইতে বহু বেশি খারাপ। সেদিক থেকে আমরা কিন্তু এখনো এগিয়ে।
সিইসি বলেন, ‘অতীতে আমাদের দেশে পোস্টাল ভোটের এই উদ্যোগ নেওয়া হয়নি, আমরাই নিয়েছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন (পোস্টাল ভোট আয়োজনের) ঘোষণা দিলেন। আমরা অত্যন্ত সাহসিকতার সাথে এই ঝুঁকিটা নিয়েছি। বহু ঝামেলা আসবে। বহু চ্যালেঞ্জ আসবে। আমরা শপথ নিয়েছি যে, আমাদের এটা বাস্তবায়ন করবই। এই বাস্তবায়ন করার প্রক্রিয়ার শুরু থেকে এ পর্যন্ত আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি।’
গণমাধ্যম কর্মীদের প্রশংসা করে সিইসি বলেন, ‘আমি দেখেছি সবসময় আমাদের সাংবাদিক ভাইদের স্ক্রিনটার (পোস্টাল ভোট নিবন্ধনের ডিসপ্লে স্ক্রিনে) সামনে নিবন্ধনের সংখ্যা দেখার জন্য ঘোরাঘুরি করতে। আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা না পেলে আমরা এতদূর আসতে পারতাম না। সোশ্যাল মিডিয়াতে আমাদের বিরুদ্ধে লেখালেখি করে বারোটা বাজিয়ে দিত। আপনাদের কাছ থেকে মানুষ সঠিক তথ্য পায়।’

